
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযো উঠেছে।
বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রশিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের তিন নম্বর সাব পিলার এলাকায় যায়। এসময় টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে রশিদুলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
পরে রশিদুলের ওপর বর্বর নির্যাতন করে বিএসএফ সদস্যরা। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।
ঘটনাস্থলের অদূরে থাকা অন্যান্য সঙ্গীরা রশিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রশিদুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি অবনি শংকর কর আরটিভি অনলাইনকে বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা গেছেন। তবে তাকে বিএসএফ না স্থানীয়রা মারধর করেছে বিষয়টি স্পষ্ট নয়।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছে বিজিবি।
এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে এরইমধ্যে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
জেবি/এসআর




