
বর্তমান নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থাপনা যে নিরপেক্ষ ও সঠিক তা প্রমাণিত হয়েছে। তবে নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে আওয়ামী লীগের পরাজয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রভাব পড়বে না। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সকালে সিলেটে বিমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে না। এ ছাড়া রংপুরে জাতীয় পার্টি খুবই জনপ্রিয়।
তিনি আরো বলেন, দেশে যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে, সেখানে একেক জায়গায় একেক দলের প্রার্থী নির্বাচিত হবে, এটা খুবই স্বাভাবিক। দেশের নির্বাচন পদ্ধতিতে যে নিরপেক্ষতা রয়েছে, তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে।
এর আগে সিলেট কবি নজরুল অডিটরিয়ামে বিমা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। পরে তিনি বিমা মেলার স্টল ঘুরে দেখেন।
৩২টি কোম্পানির অংশগ্রহণে শুরু হওয়া এই বিমা মেলা শেষ হবে শনিবার। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানি প্রায় ১৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করে।
ফার্মাস ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ফার্মাস ব্যাংকের পরিচালনা পর্ষদ মোটামুটি ভাঙা হয়ে গেছে। তিনি বলেন গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে গভর্নর এর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। গ্রাহকের টাকা মারা যাবে না। এটা সরকার নিয়েছে, সরকার ব্যবস্থা করে দিবে।
এমকে




