
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে থলিয়ারা গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই এলাকার সবুর মিয়ার ধান ক্ষেতে গিয়ে কিছু চারা নষ্ট করে ফেলে।
এ নিয়ে সবুর মিয়ার সঙ্গে কুদ্দুস মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে সেখানেও দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জেবি/পি




