
চুয়াডাঙ্গার ফার্মপাড়া এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) অহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় মিন্টু নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে ফার্মপাড়ায় যান সদর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অহিদুল ইসলাম। রাস্তায় পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় তারা অহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় পুলিশ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর পরই অভিযান চালিয়ে হামলার মূলহোতা মিন্টু নামের একজনকে আটক করা হয়েছে। তবে, হামলার কারণ এখনও জানা যায়নি।
জানা যায়, অহিদুল ইসলাম চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করে আসছিলেন।
এমসি/এসএস




