
সংস্কৃতি হচ্ছে মানবমুক্তির পথ। ছেলে-মেয়েদের আদর্শ জীবন গঠনে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এজন্য অভিভাবক ও শিক্ষকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। বললেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার মেহেরপুরের চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি তৃতীয় ধারা হিসেবে আবির্ভূত বি চৌধুরী ও মাহমুদুর রহমান মান্নার ‘যুক্তফ্রন্ট’ গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট-মহাজোট অনেক কিছুই হবে। আমরা এ ধরনের প্রক্রিয়াকে স্বাগত জানাই। গণতান্ত্রিক দেশে নির্বাচনে অংশগ্রহণ করা ও এই প্রক্রিয়াকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
এর আগে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে আসেন মন্ত্রী। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিদ্যালয়টির পঞ্চাশ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুর রাজ্জাক।
জেবি/এমকে




