
কুমিল্লার দাউদকান্দিতে ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দৌলতপুর ইউপির নোরানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- চাইনিজ কোড়াল ২টি, চাপাতি ৩টি, রামদা ৩টি, হকিস্টিক ২টি, গ্যাসপাইপ ২টি, স্টিলের লাঠি ১৮, ধারালো ছেনি ৬টি ও লম্বা ছুরি ২টি।
নোরানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মুরাদনগরের বাঙ্গরাবাজার থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলি উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, কেন্দ্র দখলের উদ্দেশে অস্ত্রগুলো এখানে মজুদ করা হয়েছে। এ ঘটনার পর ওই ইউনিয়নে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লার নাঙ্গলকোট, লাকসাম, মুরাদনগর, দাউদকান্দি ও চান্দিনা উপজেলায় মোট ১৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন ও ৪টি ওয়ার্ডের উপনির্বাচন চলছে।
পি




