
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা সড়কের নলসন্ধ্যা নামকস্থানে পিকআপ ভ্যানচাপায় এবং গুগোলহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এ দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নাগরপুর উপজেলার নলসন্ধ্যা গ্রামের আকবর খানের মেয়ে আফসানা আক্তার (৫) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের মো. আব্দুল রশীদের ছেলে যুবরাজ (৮)।
নাগরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) শাহজাহান জানান, টাঙ্গাইল-আরিচা সড়কে সন্ধ্যায় নলসন্ধ্যা নামকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে আফসানা রাস্তা পাড় হচ্ছিল। এ সময় টাঙ্গাইল থেকে নাগরপুরগামী কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে একই উপজেলার গুগোলহাট নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যুবরাজের মৃত্যু হয়।
এমকে




