
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পাকিস্তানি এক হাজতির মৃত্যু হয়েছে।
নিহত মো. হারুন (৫২) পাকিস্তানের করাচির মৃত আব্দুর রহমানের ছেলে। মাদক ও স্বর্ণ চোরাচালান মামলার আসামি ছিলেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শুক্রবার মধ্য রাতে হারুন বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, হারুন বিমানবন্দর থানায় মাদক ও স্বর্ণ চোরাচালান মামলায় ২০১৩ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার যান। পরে তিনি ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার এবং ২০১৬ সালের ৩ অক্টোবর সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তরিত হন।
জানা যায়, ময়নাতদন্ত শেষে হারুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হবে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার দেশে পাঠানো হবে।
এসএস



