
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা সহজেই যাওয়া-আসা করতে পারবেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টশেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এ সময় তিনি বলেন, বিজয় দিবসের আগে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব।
উদ্বোধন অনুষ্ঠানে রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, নতুন ট্রেন চালুর খবরে আজ সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে গাজীপুরের বাসিন্দারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে।
আরটিভি/আইএম




