আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি ভঙ্গ করে প্রচারণার অভিযোগ উঠেছে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সারজিস আলম প্রতিদিন বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনার কার্যক্রম চালাচ্ছেন। নিজের ব্যবহৃত মাইক্রোবাসসহ নেতাকর্মীদের সঙ্গে মিটিং ও পথসভা করছেন। এছাড়া, গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অভিযোগ অনুযায়ী, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর সারজিস আলম এই বিধি অমান্য করছেন। বিশেষত আচরণবিধির ৪ ও ২৫ নম্বর বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, বিষয়টি শুধু মাঠের কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতাকর্মীরা বলেন, সারজিস তার ব্যক্তিগত ও রাজনৈতিক ফেসবুক পেজসহ ছয়টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট তৈরি করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে আচরণবিধির ২৫ নম্বর বিধি স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন, নির্বাচন ট্রাইব্যুনাল এবং ভ্রাম্যমাণ আদালতের চোখের সামনে যদি এভাবে অনিয়ম, প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘন ঘটতে থাকে, তাহলে ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনজুরুল হাসান জানান, আসলে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণাসহ দলবেঁধে ভোট প্রার্থনা এবং পথসভা মিছিল মিটিংয়ের সুযোগ নেই। এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। তবে, কোন প্রার্থী কিংবা প্রার্থীর সমর্থক এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএইচএম




