রমজান মাস উপলক্ষে কুমিল্লায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠ এ আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।
উদ্বোধন শেষে মন্ত্রী সুলভ মূল্যের স্টল পরিদর্শন করেন এবং পণ্যের সরবরাহ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। স্টলে দুধ প্রতি কেজি ৮০ টাকা, ডিম প্রতি ১০ পিস ৮০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কাছে প্রাণিজ আমিষ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আলম, পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, উপপরিচালক (সরকারি হাঁস-মুরগি খামার) চন্দন কুমার পোদ্দার, উপ-সহকারী ইউসূফ আলী মজুমদারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আরটিভি/এমআই





