
অধ্যাপক জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ১২ শিক্ষককে বিশেষ নিরাপত্তার আওতায় এনেছে রাজশাহী মহানগর পুলিশ।
বিশেষ নিরাপত্তার আওতাভুক্ত অন্য শিক্ষকরা হলেন- সাবেক উপাচার্য সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন এবং ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
শুক্রবার রাতে আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান রন্টু।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যাপক হাসান আজিজুল হক এবং অধ্যাপক মুহাম্মদ হাসান ইমামের বাড়ির বাইরে সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অবস্থানের সময়ও হাসান ইমামকে পুলিশি পাহারায় থাকতে দেখা গেছে।
কে/পি



