গাইবান্ধায় ১ টাকায় ১৮ পদের ঈদ বাজার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০২:৪৪ পিএম


গাইবান্ধায় ১ টাকায় ১৮ পদের ঈদ বাজার
ছবি: সংগৃহীত

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধার তরুণরা। মাত্র ১ টাকার বিনিময়ে ১৮ পদের ঈদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষার্থীদের সংগঠন ‘আমাদের গাইবান্ধা’।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ অস্থায়ী ‘এক টাকার বাজার’ আয়োজন করা হয়। এতে জেলার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের ২৫০টি পরিবার অংশ নেয়।

আয়োজকরা জানান, প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলু, পটল, মুরগিসহ মোট ১৮ ধরনের ঈদ ও রান্নার প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে, যা একটি পরিবারের দুই দিনের ঈদের বাজারের চাহিদা পূরণে সহায়ক।

বিজ্ঞাপন

‘আমাদের গাইবান্ধা’র সভাপতি সায়হাম রহমান বলেন, আমরা চাইনি কেউ এটাকে দান বা সাহায্য মনে করুক। তাই প্রতীকীভাবে ১ টাকার বিনিময়ে বাজারের আয়োজন করা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ক্রেতা হিসেবে পণ্য নিতে পারেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. মুসাভ্ভির রহমান খান জানান, গত পাঁচ বছর ধরে তারা নিজস্ব অর্থায়নে প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

বাজারে আসা সোহেল মিয়া বলেন, বর্তমান বাজারে ১ টাকায় কিছুই পাওয়া যায় না। এখানে এক টাকায় ঈদের সব বাজার পেলাম। এখন পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।

আরও পড়ুন

স্থানীয় উন্নয়নকর্মীরা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, তরুণ সমাজের এমন মানবিক কার্যক্রম সমাজের বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, ক্রমবর্ধমান বাজারমূল্যের কারণে যখন সাধারণ মানুষের ঈদের আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা, ঠিক তখনই ‘এক টাকার বাজার’ আয়োজন নিম্ন আয়ের মানুষের মুখে স্বস্তির হাসি এনে দিয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission