ইউপিডিএফ নেতা ধর্মসিং হত্যাকাণ্ডের মূল হোতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গণতান্ত্রিক যুব ফোরাম।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাঙামাটির কুতুকছড়ির আবাসিক এলাকায় গণতান্ত্রিক যুব ফোরাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দেশের ইতিহাসে সন্তু লারমা একমাত্র ব্যক্তি যিনি বিনা নির্বাচনে গত ২৮ বছর যাবৎ প্রতিমন্ত্রী মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এবং প্রতিনিয়ত মানবাধিকার লংঘনসহ হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ করে চলেছেন। অথচ আজ পর্যন্ত তাকে কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি।
বক্তারা জানান, শুধু ধর্মসিং চাকমা নয়; এই ধরনের অসংখ্য যুবককে হত্যা করে সন্তু লারমা কত মায়ের বুক খালি করেছেন তা কেবল তিনি জানেন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজেদের জুম্ম ভাইদের হত্যায় তিনি পিছ পা হচ্ছেন না।
হত্যাকাণ্ডে সন্তু লারমা জড়িত দাবি করে দলটির নেতারা তাকে হুকুমের আসামি হিসেবে গ্রেপ্তারের দাবি জানান এবং একই সাথে ধর্মসিং চাকমার বিধবা স্ত্রী’র ভরণপোষণ ও আহত দুই বোনের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করার দাবিও জানান।
হত্যাকাণ্ডের ঘটনায় এখনো অজ্ঞাত আসামিদের নামে মামলা হলেও আহত দুই বোন সুস্থ হয়ে ফিরে আসার পর প্রত্যক্ষদর্শী হিসেবে তারা আসামিদের নামে মামলা করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক থুইনুমং মারমা, পিসিপি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক চয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিপনা চাকমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারী সংঘের সহসভাপতি রিনিশা চাকমা ও ধর্মসিং চাকমার পরিবারের সদস্য রুনা চাকমা।
আরটিভি/এমএম




