ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাইকেল চালিয়ে নেপালের দুর্গম ১২ ট্রেইল-পর্বতশৃঙ্গ-গিরিপথ জয়, বিশ্বজয়ের পথে কাপ্তাইয়ের বীর

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম
নেপালের দুর্গম ১২ ট্রেইল-পর্বতশৃঙ্গ-গিরিপথ জয় করেছেন রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানের পর অবশেষে স্বপ্ন পূরণ করলেন রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা। প্রথম বাংলাদেশি ও প্রথম ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাইক্লিস্ট হিসেবে সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছে দেশটির দুর্গম চারটি ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম গিরিপথ এবং পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্য পূরণ করেছেন তিনি। অভিযানের প্রতিটি গুরুত্বপূর্ণ চূড়ায় উড়িয়েছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নেপালের মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকে লা পাসের ৫ হাজার ১০৬ মিটার (১৬ হাজার ৭৫২ ফুট) উচ্চতায় পৌঁছে সকাল ৯টা ৪৮ মিনিটে শেষ নির্ধারিত পাস সামিট সম্পন্ন করেন তিনি।

এর মধ্য দিয়ে তার দীর্ঘদিনের স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সফল সমাপ্তি ঘটে।

জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতার স্থান (সি লেভেল জিরো পয়েন্ট) থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বীর কুমার তনচংগ্যা। ভারত হয়ে সড়কপথে নেপালে পৌঁছে শুরু করেন একের পর এক দুর্গম পাহাড়ি অভিযান। দীর্ঘ এই যাত্রায় তাকে মোকাবিলা করতে হয়েছে প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ।

তার অভিযানের মূল লক্ষ্য ছিল নেপালের চারটি দুর্গম ও চ্যালেঞ্জিং ট্রেইল—এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা—এই তিনটি উচ্চতম গিরিপথ এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকসহ পাঁচটি পর্বতশৃঙ্গের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।

বীর কুমার তনচংগ্যার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার অন্নপূর্ণা সার্কিটের থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন তিনি। সর্বশেষ ২৭ নভেম্বর ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাস সামিটের মধ্য দিয়ে মানাসলু সার্কিটের নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।

এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাসের মধ্যে ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার কংমা লা পাস, ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস এবং ৬ অক্টোবর ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন তিনি।

এছাড়া পাঁচটি পর্বতশৃঙ্গের মধ্যে ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকারশাং পিক, ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক, ২৩ সেপ্টেম্বর কালাপাথর, ৪ অক্টোবর ৫ হাজার ৩৫৭ মিটার উচ্চতার গোকিও রি এবং ১৩ অক্টোবর ৪ হাজার ৬৫ মিটার উচ্চতার পিকে পিকের চূড়ায় আরোহণ করেন।

তবে তার এই অভিযান কেবল পাহাড়ের চূড়ায় পৌঁছানো কিংবা ব্যক্তিগত রেকর্ড গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায়বিচার (ক্লাইমেট জাস্টিস) বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও ছিল এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অভিযানের পেছনে বিশেষ সহযোগিতার কথা উল্লেখ করে বীর কুমার তনচংগ্যা বলেন, সার্কভুক্ত দেশের ভিসা প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতা দিয়ে তার এই অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙামাটি জেলার সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়া অভিযানের শুরু থেকে বিভিন্ন সময়ে যারা সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিযান এখানেই শেষ হচ্ছে না বলে জানিয়েছেন বীর। পরিকল্পনার বাইরে আজ (২৮ নভেম্বর) মানাসলু বেস ক্যাম্প সামিটের পরিকল্পনা রয়েছে তার। এরপর দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিযানের বিস্তারিত অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরবেন বলে জানিয়েছেন এই সাইক্লিস্ট।

কাপ্তাইয়ের পাহাড়ি জনপদ থেকে শুরু করে বিশ্বের অন্যতম দুর্গম পর্বতাঞ্চলে বাংলাদেশের পতাকা ওড়ানোর এই যাত্রা কেবল একজন অভিযাত্রীর স্বপ্নপূরণ নয়, বরং দেশের তরুণ প্রজন্মের জন্যও সাহস, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিকদের সংকটে ঢাল হয়ে পাশে দাঁড়ায় কালিয়াকৈরের মানুষ: শিমুল বিশ্বাস
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিকদের সংকটে ঢাল হয়ে পাশে দাঁড়ায় কালিয়াকৈরের মানুষ: শিমুল বিশ্বাস
ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবার
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরা হলো না বাবার
সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজা
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনি উপজেলা সদরের থানার মোড় ও পৌর মাছ বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। 
মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
আরও পড়ুন
এক ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল কোথায়
নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের একাধিক অঞ্চল
বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-নেপাল
দেশে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান