চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের ছোট বোন শাহিন আক্তার জানান, নুরুন্নাহার বেগম বাকপ্রতিবন্ধী ছিলেন। পাশাপাশি বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার নামে ওই বৃদ্ধ মহিলার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আরটিভি/এমএইচজে




