ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হবে চট্টগ্রাম বন্দর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সামুদ্রিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরকে ২০৩০ সালের মধ্যে প্রতিযোগিতামূলক আঞ্চলিক শিপিং হাবে পরিণত করতে ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। বন্দরের অবকাঠামো আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের পাশাপাশি বিশ্বখ্যাত বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে পরিচালিত হয়।

বন্দরের দীর্ঘদিনের পরিচালনাগত সীমাবদ্ধতা কাটিয়ে জাহাজের অবস্থানকাল (টার্নঅ্যারাউন্ড টাইম) এবং কনটেইনার বন্দরে পড়ে থাকার সময় (ডুয়েল টাইম) কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে লজিস্টিক ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো, ভৌত অবকাঠামো আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

চট্টগ্রামের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এবং বিস্তৃত পশ্চাৎভূমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে অঞ্চলটিকে আন্তর্জাতিক নৌপরিবহন ও শিপিং লজিস্টিকসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের চালু ও নির্মাণাধীন কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।

এর পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার মেগা প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং বঙ্গোপসাগর শিল্প প্রবৃদ্ধি বলয় (বিআইজি-বি) কাঠামোর আওতায় মাতারবাড়ী বন্দরে জাপানের অংশগ্রহণ ও বিনিয়োগের আগ্রহ দেশের বন্দর, নৌপরিবহন ও বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরকালে দেশটি মাতারবাড়ী বন্দরে অংশগ্রহণ ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বাসসকে বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে পরিচালন ব্যয় বৃদ্ধি, পণ্য খালাসে বিলম্ব এবং কনটেইনার দীর্ঘ সময় বন্দরে পড়ে থাকার মতো সমস্যার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম বন্দর। উন্নত বন্দরগুলোতে কনটেইনারের অবস্থানকাল দুই দিনের কম হলেও এ বন্দরে তা নয় দিনের বেশি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জাহাজের গড় অবস্থানকালও আড়াই দিনের বেশি।

তিনি বলেন, বন্দরের দক্ষতা পরিমাপের অন্যতম প্রধান সূচক হলো জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম। অর্থাৎ জাহাজ বন্দরে আসার পর পণ্য ওঠানো-নামানো শেষ করে ছেড়ে যেতে যে সময় লাগে। অতীতে চট্টগ্রাম বন্দরে এ সময় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত লাগত। জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজে দীর্ঘসূত্রতার কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক মেইন লাইন অপারেটর (এমএলও) বাংলাদেশে জাহাজ ও কনটেইনার পাঠাতে অনাগ্রহ দেখিয়েছিল।

বন্দর সূত্র জানায়, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩৪ লাখ টিইইউস (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার, ১৩ কোটি ৮০ লাখ টন সাধারণ পণ্য এবং ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। দেশের সমুদ্রপথে পরিবাহিত সাধারণ পণ্যের প্রায় ৯২ শতাংশ এবং কনটেইনার বাণিজ্যের ৯৮ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বন্দরে প্রায় ২১ লাখ ৪০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

বন্দরের সেবা সহজ ও দ্রুত করতে সম্প্রতি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে কনটেইনার ও পণ্যগ্রহীতাদের বিলিং কার্যক্রম টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে চলছে।

বন্দরের পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সর্বোত্তম ব্যবস্থাপনা পদ্ধতি কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।

সৈয়দ রেফায়েত হামিম জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিতিতে এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের পোর্ট অব সিঙ্গাপুর অথরিটির (পিএসএ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস ৫৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ করছে। ২০৩০ সালের মধ্যে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে বছরে আট লাখের বেশি টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। এতে দেশের সামগ্রিক পণ্য পরিবহন সক্ষমতা প্রায় ৪০ শতাংশ বাড়বে।

গত ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে বিশ্বখ্যাত বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নের লক্ষ্যে ১৫ বছর মেয়াদি একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ঈসা কাজিম প্রতিনিধিত্ব করেন।

চুক্তি অনুযায়ী, বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ পরিচালনাকারী নিউমুরিং কনটেইনার টার্মিনালের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করা হবে। তবে বন্দরের সার্বভৌম কর্তৃত্ব, জমি এবং মূল সম্পদের মালিকানা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের অধীনেই থাকবে।

চুক্তির আর্থিক শর্ত অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড অগ্রিম প্রায় ৬০০ কোটি টাকা পরিশোধ করবে। এর ২৫ শতাংশ চুক্তি স্বাক্ষরের সময় এবং বাকি ৭৫ শতাংশ কার্যক্রম শুরুর আগে পরিশোধ করা হবে। এ ছাড়া আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও প্রযুক্তির উন্নয়নে প্রথম ১০ বছরে প্রতিষ্ঠানটি এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে।

চুক্তি অনুযায়ী, প্রতি টিইইউস কনটেইনারের বিপরীতে ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ৪০ থেকে ৬৭ শতাংশ হারে রয়্যালটি পাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি বছরে প্রায় ১০ কোটি টাকা নির্ধারিত ফি দেবে। চুক্তিতে বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের নিশ্চয়তাও রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, চুক্তিতে পরিচালন দক্ষতা নিশ্চিত করতে কঠোর কর্মদক্ষতার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মান অর্জনে ব্যর্থ হলে আর্থিক জরিমানার বিধানও রয়েছে। ক্রেনের উৎপাদনশীলতা কিংবা ট্রাকের টার্নঅ্যারাউন্ড টাইমের মতো সূচকে টানা তিন মাস নির্ধারিত মান পূরণে ব্যর্থ হলে এ জরিমানা কার্যকর হবে। একই সঙ্গে স্থানীয় জনশক্তির কর্মসংস্থান, সাইবার নিরাপত্তা, তথ্যের স্থানীয় সংরক্ষণ এবং কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করার শর্তও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিদ্যমান অবকাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে বন্দরের সক্ষমতা বাড়াতে দুটি বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০৩১ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় নতুন ব্রেকওয়াটার, নেভিগেশন চ্যানেল, জেটি এবং রেল ও সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা হবে। এসব অবকাঠামো চালু হলে ৮ হাজার থেকে ১২ হাজার টিইইউস ধারণক্ষমতার বড় জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে। পাশাপাশি বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৩০ লাখ টিইইউস বাড়বে।

অন্যদিকে, বড় ড্রাফটের জাহাজ ভেড়ানোর সুযোগ সৃষ্টি এবং মূল বন্দরের জেটিতে জাহাজের চাপ কমাতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজও এগিয়ে চলছে। বন্দরের কার্যক্রমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জিজিআই পোলার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তিও এ উদ্যোগকে সহায়তা করছে।

ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্পূর্ণ কাগজবিহীন করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহারে পণ্য খালাসের নথিপত্র প্রক্রিয়ায় ম্যানুয়াল হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। ডেলিভারি অর্ডারের আবেদন থেকে শুরু করে বন্দরের গেট দিয়ে পণ্যবাহী যানবাহনের চূড়ান্ত বহির্গমন পর্যন্ত পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় ডিজিটাল টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, কোনো ধাপ এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে সিস্টেমে ধারাবাহিক যাচাইব্যবস্থা কার্যকর রয়েছে। এতে নথি জালিয়াতি ও প্রশাসনিক অনিয়মের সুযোগ কমেছে। পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা যেকোনো সময় দূর থেকেই তাদের ফাইলের সর্বশেষ অবস্থা জানতে পারছেন।

বন্দরের নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করতে টার্মিনাল অপারেটিং সিস্টেমের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের তাৎক্ষণিক সংযোগ স্থাপন করা হয়েছে।

এ ব্যবস্থায় শুল্ক কর্তৃপক্ষ কোনো কনটেইনার আটকে রাখা বা তার ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট তথ্য সিস্টেমে পৌঁছে যাবে। ফলে শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ওই কনটেইনারের পরবর্তী কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।

সৈয়দ রেফায়েত হামিম বলেন, বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, আধুনিক ভারী যন্ত্রপাতি সংগ্রহ এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমুখী উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও দক্ষ, স্বচ্ছ ও সক্ষম প্রবেশদ্বারে পরিণত হবে।

তিনি আরও বলেন, দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন ‘স্মার্ট বন্দরে’ রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বন্দরের কার্যক্রম আধুনিকায়ন, পরিবহন ব্যয় কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং বন্দরের প্রবেশ ও বহির্গমন পথে দীর্ঘদিনের যানজট নিরসনই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরটিভি/এসআর


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
এক সময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে।
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ডের দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) ১৭,০০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। যা ২০২৩ সালে নির্ধারিত ১২,৫০০ টাকার তুলনায় ৪,৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এ ৪৩ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়ানো হয়েছে গ্রেড নতুন ন্যূনতম মজুরি  ৩ বছরে বৃদ্ধির হার গ্রেড-১ ২১,৫০০ টাকা ৪৩% গ্রেড-২ ২০,০০০ টাকা ৪০.১১% গ্রেড-৩ ১৯,২০০ টাকা ৪০.২২% গ্রেড-৪ ১৭,০০০ টাকা ৩৬% আরটিভি/এসআর
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ হলো পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।  বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরের এক বিফ্রিংয়ে তা জানান। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।  তিনি আরও বলেন, নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।  ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন। আরটিভি/এসআর
ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ হলো পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা। মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে।  অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়। মালিকপক্ষের এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।  তারা বলেন, মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এমনকি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে-স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। এই বাজারে সামান্য এই মজুরিতে শ্রমিকের পক্ষে চলা অসম্ভব। সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষ যে ন্যূনতম প্রস্তাব দিয়েছে, তা সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকরা যাতে ন্যূনতম জীবনযাপন করতে এবং সংসার চালাতে পারেন, মজুরি বোর্ড সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমান মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব নাকচ করলেও আলোচনার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখার কথা জানান।  তিনি বলেন, এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির অবস্থান প্রসঙ্গে তৌহিদুর রহমান বলেন, শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে ২২ হাজার টাকায় নেমে এলেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দিনশেষে আমাদের প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি আদায় করে আনবেন বলে আমি আশাবাদী। আরটিভি/এসআর
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
নেতানিয়াহুকে সরাতে জোট গড়ছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট
ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল 
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি