ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

আরটিভি অনলাইন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ১১:১৪ এএম

আজ পহেলা বৈশাখ। ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিন। এটি বাঙালির সার্বজনীন উৎসব। বৈশাখ আনন্দময় করে তুলেছে বাঙালিকে। বর্ণাঢ্য আয়োজনে আজ মঙ্গলবার সারা দেশে উদযাপিত হচ্ছে বর্ষবরণ।

আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম: নতুন বর্ষকে বরণ করে নিতে বন্দরনগরীতে বৈশাখী উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার সকাল ৯টায় চসিক আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

নগরের বহদ্দারহাট স্বাধীনতা পার্কে আয়োজিত উৎসবে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় ‘এলো বৈশাখ বৈশাখ’ গান দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানমালা।

ঝিনাইদহ: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৭ টায় স্থানীয় ওয়াজের আলী স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় পাথি, হাতি, মাছসহ গ্রাম বাংলার নানা প্রতিকৃতি স্থান পায়।

শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এসময় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বৈশাখী সঙ্গীত।

ময়মনসিংহ: বর্ষবরণ উপলক্ষে ময়মনসিংহে কয়েক হাজার মানুষের বিশাল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্টেশনরোড মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত বর্ষবরণের শোভাযাত্রায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, রাজা-রাণী, সাপুড়ে, মাঝি, জেলে, নাইওরি, নকসিকাঁথা, সাম্পান, গায়ের বধূ, কুঁড়েঘরসহ গ্রামবাংলার আবহমান ঐতিহ্যের জানা-অজানা নানা বিষয় তুলে ধরা হয়।

বাগেরহাট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে বাগেরহাটবাসী। নববর্ষ উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নানান সাজে সেজে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে বাগেরহাট জেলা পরিষদ চত্বরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

দিনাজপুর: সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির প্রালের উৎসব বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন হচ্ছে। নববর্ষ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

খুলনা: খুলনায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা সন ১৪২৫ বরণ করে নেয়া হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে খুলনা বিভাগীয় জাদুঘর চত্বরে বকুলতলায় বৈশাখী গানের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে মহানগরীর শিববাড়ি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। সকাল ৮টায় জেলা প্রশাসকের বাংলোর বকুলতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসব।

বগুড়া: বগুড়ায় প্রত্যেক বছর পহেলা বৈশাখ সামনে রেখে করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সামনেপানে অগ্রসর হতে থাকে।
শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হয়। প্রত্যেকের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণীর প্রতিকৃতি।

কুড়িগ্রাম: গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে বাংলা নববর্ষের আয়োজন। শনিবার সকাল ৯টায় গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গল শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।

ফেনী: ফেনীতে নাচ-গান, হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়।

লক্ষ্মীপুর: বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বর্ষবরণ (বাংলা ১৪২৫) করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি ও কামার-কুমার সম্প্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়। পরে স্টেডিয়াম মাঠে বর্ষবরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

ঠাকুরগাঁও: নববর্ষ ১৪২৫ কে বরণ করতে ঠাকুরগাঁও সেজেছে বর্ণিল সাঁজে। সকালে জজকোর্ট বটমূল চত্বরে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে নিক্কন সঙ্গীত বিদ্যালয়। এছাড়াও নানা রংয়ের ব্যানার ফেস্টুন, শান্তির প্রতীক নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে পান্তা-ইলিশের।

এদিকে সাধারণ পাঠাগার চত্বরে আয়োজন করা হয়েছে ৭ দিনের বৈশাখী মেলার।

সিরাজগঞ্জ: বাংলা ও বাঙালির ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করতে সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নাট্য সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সকাল পৌনে ১১টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

কুমিল্লা: বর্ণিল আয়োজনে কুমিল্লায় পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৫। এ উপলক্ষে শনিবার সকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সাভার: বর্ণাঢ্য শোভাযাত্রা, ঘুড়ি ও ফানুস উড়ানো এবং সঙ্গীতানুষ্ঠানসহ নানা বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানের ন্যায় সাভারে পালিত হচ্ছে বর্ষবরণ।

শনিবার সকালে ‘মুক্ত চিন্তার বিকাশ হউক’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা বের করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাপলা, ঘোড়া, ব্যাঙ্গ, বাঘ, নৌকা, অচিন পাখি ও ময়ূরসহ ৮টি শিল্পকর্ম নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা।

সকাল ১০টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে থেকে মঙ্গল শোভা যাত্রাটি বের হয়ে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বর্ষবরণের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে রয়েছে ঘুড়ি ও ফানুস উড়ানো, সঙ্গীত অনুষ্ঠানসহ বৈশাখী হাট।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা, পান্তা ভাত খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নববর্ষ পহেলা বৈশাখ।

আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়। নেচে গেয়ে শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভাযাত্রা। দিনব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে ছায়াবীথি মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

বিকেলে থাকছে ঘোড় দৌড় ও লাঠি খেলা। এছাড়াও শহরের তিতুমীরে থাকছে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেরপুর: শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপিত হচ্ছে। সকালে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে শেরপুর জেলা প্রশাসন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

গ্রামীণ ঐতিহ্যবাহী পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং বাংলার বাঘসহ বিভিন্ন মুখোশ পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শিশু-কিশোররা বাদ্য-বাজনাসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পাবনা: পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত হয়েছে।

সকালে জেলা জেলা প্রশাসক, জেলা পরিষদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শোভাযাত্রা বের করে। এছাড়াও পাবনা প্রেসক্লাবসহ সংগঠন পান্তা খাওয়ার আয়োজন করে।

নববর্ষ উপলক্ষে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়লেটিজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রুচি বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দেশের খ্যাতনামা শিল্পীরা সারাদিন গান পরিবেশন করেন।

সাতক্ষীরা: সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পহেলা বৈশাখীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গ্রাম বাংলার বৈচিত্র্য সমন্বিত গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পাল্কি সহকারে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলায় এসে শেষ হয়।

এছাড়া দিনভর বৈশাখী মেলা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, গ্রাম বাংলার লাঠি খেলা, হাডুডু খেলা মোরগ লড়াই, হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফরিদপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছে ফরিদপুরবাসী। আজ সকাল ৭টায় স্বাধীনতা চত্বরে সাহিত্য উন্নয়ন সংস্থার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনে আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

র‌্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলার ঐতিহ্য হাডুডু ও লাঠি খেলা।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ইউটিউবে ‘এলো পহেলা বৈশাখ’ (ভিডিও)
সংস্কৃতি চর্চা করলে মন ভালো থাকে
নানা আয়োজনে নাটোরে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ
মঙ্গল শোভাযাত্রার পাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩