ময়মনসিংহের নান্দাইলে নৌকায় ঘুরতে নিয়ে মোহাম্মদ মোস্তফা (৩৯) নামের এক মাছ বিক্রেতার বিরুদ্ধে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। অভিযুক্ত নান্দাইল উপজেলার পুরহরি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) শিশুটির মা এক প্রতিবেশীর বাড়িতে কাজে যায়। এই সুযোগে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরতে নিয়ে ধর্ষণ করে মোস্তফা। শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুর মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন।
প্রথমে লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানালেও সন্ধ্যার দিকে শিশুর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার (১৩ জুলাই) দুপুরে শিশুর বাবা নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে গত রাতে এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্ত মোস্তফাকে আটক করে। এদিন আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকরাম উল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
আরটিভি/এসএস



