গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শহীদুল নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকার বাসিন্দা তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার মৌচাক বটতলা বনফুল এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি রংপুর জেলার কাউনিয়া এলাকার। শিশুর বাবা মৌচাক এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীর-সন্তান নিয়ে বসবাস করে যাচ্ছেন। তিনি রাজমিস্ত্রীর কাজ করেন।
শিশুটি সোমবার সাড়ে তিনটায় দোকানে গেলে অভিযুক্ত দোকানি শহীদুল তাকে টাকার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যান। পরে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। ততক্ষণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে বিষয়টি মীমাংসা জন্য চেষ্টা করেন স্থানীয় কিছু লোকজন। বিষয়টি এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে হাজারো জনতা জড়ো হয়। পরে অভিযুক্তের উপযুক্ত বিচার দাবি করেন তারা। পুলিশ খবর পেয়ে রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/এসএস



