
পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশের ডোবায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে দাদা-দাদির কাছে থাকত।
নিহতের চাচা জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মাসুমকে তার দাদি খাবার খাওয়ানোর পর কিছুক্ষণ পর তাকে দেখতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়ির সামনে থাকা একটি ডোবায় খোঁজাখুঁজি করে মাসুমকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


