
পটুয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি)।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশের একটি দল পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/আইএম


