
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নিজেকে বাঁচাতে তার পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে মন্তব্য করলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় এবং ক্ষুদ্র ঋণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দিন বিদেশে ছিলেন। তখন তিনিও অনেক প্রতিকূলতার মধ্যে সময় পার করেছেন। কিন্তু তিনি কখনও পাসপোর্ট সারেন্ডার করেননি। তারেক জিয়ার পাসপোর্ট সারেন্ডার প্রমাণ করে যে তিনি রাষ্ট্রের প্রতি অনুগত নন।
তিনি আরও বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য গিয়েছেন। তাকে কেন সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে?
এর আগে সমাজকল্যাণমন্ত্রী ১৫ জন ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া ৫ জনকে ৩০ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধিরা।
কে/



