
পঞ্চগড়ের বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৫ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর দেবীগঞ্জ জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুতের মূল লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের (রাইট অব ওয়ে) কাজ চলবে। এই কাজ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে পুরো পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্থগিত রাখা হবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে ডালপালা ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হলে অনতিবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে গ্রাহকদের আগেই সতর্ক করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হচ্ছে উল্লেখ করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আরটিভি/টিআর




