
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, জ্বালানি সংকটের কথা বলে শুরু করা বিরোধী দলের লংমার্চে প্রায় ১ লক্ষ লিটার জ্বালানি তেল পুড়বে, যা অনর্থক জাতীয় সম্পদ নষ্ট ও জনগণের ভোগান্তি সৃষ্টি করছে। এসব না করে বরং তাদের পর্যালোচনা করা উচিত যে, বিরোধী দল হিসেবে গত ছয় মাসে তারা কতটুকু সফল।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের দ্বিতীয় শপথ নেওয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই সরকার সংস্কার করতে চাই। কিন্তু যারা অসাংবিধানিক ও অবৈধ দ্বিতীয় শপথ নিয়েছেন, তাদের প্রথম শপথও এর মাধ্যমে অবৈধ হয়ে গেছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে আহ্বান জানানো হলেও বিরোধী দল সেখানে অংশ না নিয়ে উল্টো রাজপথে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত স্মরণসভায় যোগদানের পাশাপাশি এতিম ও হাফেজদের মাঝে কোরআন শরীফ, বিভিন্ন ইউনিয়নের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলেন।
আরটিভি/ এসকেডি



