
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর বাঁশের আঘাতে গুরুতর আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদুল ইসলাম (৪৫) উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়িতে কাপড়ের নেকড়া (ছেঁড়া কাপড়) ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করে। আঘাতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাকে রাজশাহী নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম



