
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নূর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নূর ইসলাম। পথে শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ এর একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম




