
ফরিদপুরের সদরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে প্রায় দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলতাফ হোসেনের অভিযোগ, ৮ শতাংশ জমি নিয়ে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে তার জমিতে ঢুকে প্রায় ৩৫০টি কলাগাছ কেটে ফেলেন।
তিনি জানান, কলাগাছগুলো কেটে ফেলায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সামনে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর সোমবার রাত ৮টার দিকে আলতাফ হোসেন বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মুস্তাফিজুর মৃধা ও শফিউদ্দিন মৃধাসহ কয়েকজনকে ওই জমিতে কলাগাছ কাটতে দেখা গেছে। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখেছেন বলেও জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুস্তাফিজুর মৃধার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে



