
পাবনার ঈশ্বরদীতে মোবাইল চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৯) নামে এক তরুণের মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া (প্রামানিক পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই তরুণ একই ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই তরুণ জয়নগর মধ্যপাড়া গ্রামে শাহিনুর প্রামানিকের বাড়ি থেকে একটি মুঠোফোন চুরি করে পালাচ্ছিলেন। এসময় স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করেন। পরে চুরির অভিযোগে স্থানীয় এক যুবক কাঁচি দিয়ে ওই তরুণের মাথার বিভিন্ন অংশের চুল কেটে দেন।
স্থানীয়দের অভিযোগ, ওই তরুণ মাদকাসক্ত। মাদকসেবনের জন্যই মোবাইল সে চুরি করেছে।
এদিকে, এ ঘটনার একটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই তরুণের বাবা সুজন সরদার জানান, ছেলেকে আটকের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেছেন তিনি। তার দাবি, ছেলে মানসিক ভারসাম্যহীন। হয়তো না বুঝে চুরি করেছে। চুল কেটে নির্যাতনের ঘটনাটি অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএস




