
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো ছয় শ্রমিকের পরিবারকে শ্রম আদালতের মাধ্যমে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম শ্রম আদালত থেকে নিহত শ্রমিকদের স্বজনরা আনুষ্ঠানিকভাবে এই অর্থ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন শ্রমিক প্রাণ হারান। এই দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ায় শোকের ছায়া নেমে আসে পরিবারগুলোতে। ঘটনার পর পর নিহতদের স্বজনদের পাশে দাঁড়ায় কারখানার মালিকপক্ষ। দুর্ঘটনার দিনই প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে আরও ৭ লাখ টাকা করে প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শ্রম আদালতের মাধ্যমে নিহত ১০ জনের মধ্যে ৬ শ্রমিকের ওয়ারিশদের হাতে চূড়ান্ত ক্ষতিপূরণের বাকি ২ লাখ টাকা করে তুলে দেওয়া হয়। ক্ষতিপূরণ প্রাপ্তরা হলেন—নিহত মনসুরের স্ত্রী ফেরদৌস আরা, নিহত মতিউরের বাবা হানিফ, নিহত নাসির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, সানি দাসের মা আসকাবালা দাস, পলাশ দাশের স্ত্রী ভূমিকা দাস এবং হাবিবের স্ত্রী রুনা।
প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কে এম শহীদ উল্লাহ জানান, নিহত ১০ শ্রমিকের মধ্যে আজ ৬ জনের পরিবার শ্রম আদালত থেকে ক্ষতিপূরণের টাকা বুঝে পেয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা করা হয়েছে, যাতে স্বজনরা দ্রুত সময় ক্ষতিপূরণ নিয়ে বাড়ি ফিরতে পারেন।
একইসঙ্গে দ্রুততম সময়ে অর্থ বুঝিয়ে দেওয়ায় মালিকপক্ষকেও ধন্যবাদ জানান তিনি। অপরদিকে, হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ক্ষতিপূরণ পেতে সহায়তার জন্য নিহতদের পরিবারগুলোও শ্রমিক নেতা কে এম শহীদ উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতদের পরিবারগুলো যখন চরম অনিশ্চয়তায় পড়েছে, তখন এই আর্থিক সহায়তা তাদের সাময়িক স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে স্বজনদের মতে, কোনো অর্থ দিয়েই জীবনের ক্ষতি পূরণ সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহযোগিতার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কঠোর ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
আরটিভি/এসএস


