
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক মাদরাসাছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন। এরই মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই মাদরাসাছাত্রকে তার শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ভেদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি শিক্ষক বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
শিক্ষক বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা এবং বর্তমানে ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় একটি নূরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনা একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আমরা গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে।
আরটিভি/এসএস


