
ভোলার লালমোহনে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভিমরুলের আক্রমণে অন্তত তিন পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে সংবাদ পেয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের টিম। সেখানে এক পর্যায়ে লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন এবং দুই-তিনজন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় ২০-২৫ ভিমরুলের কামড়ে আহত হন। পরে পুলিশ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় স্কুল শিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে সেখানে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের ওপর ভিমরুল আক্রমণ করতে থাকে। এতে বহু মানুষ ভিমরুলের কামড়ে আহত হন। পরে শারমিন নামের ওই নারীকে কিছু ইয়াবাসহ আটক করে পুলিশ।
ওসি নজরুল ইসলাম বলেন, মূলত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল পুলিশ। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে




