
নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর সাকিনের ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার আমিন ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার সাহাব উদ্দিন (৪৮), হাজীপুর ইউনিয়নের মাহবুবুর রহমান সুজন (৩৮), একই এলাকার মো. ফয়সাল (৩৫)। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারদের তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভাড়াবাসায় অনৈতিক কাজ করার জন্য ওই নারীকে নিয়ে যাওয়া হয়েছে৷ আমরা অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এসএস



