
আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে, এই ঘটনায় একজন নিহতসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের তৈরী পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানার ভিতরে হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা কেঁপে উঠে এবং আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়দের দাবি, কারখানার ভিতরে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে এসে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে পড়ে দোকানী জয়নাব বেগম মারা যান এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারনা বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।
আরটিভি/ এসকেডি


