
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন ও পরিবারসহ দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ব্যক্তি সকালে মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে-হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম


