
নড়াইলে ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে।
শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার পর ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। তবে মঙ্গলবার রাতে সে শারীরিক যন্ত্রণায় ছটফট করতে থাকলে পরিবারের সদস্যদের বিস্তারিত খুলে বলে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, বলাৎকারের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত হাবিবুর রহমানসহ দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরটিভি/এসএস



