
গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি সোহেল মোল্লাকে (৪৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, সিপিসি-৩ ও যশোরের যৌথ অভিযানিক দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার ঘোপ নওয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে জুবায়ের ও তার বাবা রমজান ভূঁইয়ার পথরোধ করেন আসামিরা। এ সময় সোহেল মোল্লার নেতৃত্বে জুবায়েরকে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। পরে গুরুতর আহত জুবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় তার বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেছেন।
আটক সোহেল মোল্লাকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে



