
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহেয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানান, চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা। খেলাধুলার একপর্যায়ে সে একটি গর্তে হাত দিলে গর্তের ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে যায়। পরে তার মা শিশুটির হাতে কামড়ের স্থান দেখতে পান এবং সাবান দিয়ে হাত ধুয়ে দেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। কিন্তু চিকিৎসার জন্য নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
নিহত রাইসা মনি রাকিব মল্লিকের মেয়ে। তাদের মূল বাড়ি রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামে। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতিতে বসবাস করছেন তারা।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়ে থাকতে পারে। তবে কী প্রাণী তাকে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরটিভি/এমএইচজে


