
ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে সদর উপজেলার লালপোল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে সোনাগাজী সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমের জামাতা ফজলুল হক মুন্না তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পরবর্তীতে মুঠোফোনে বিষয়টি সত্যতা নিশ্চিত করে মুন্না জানান, তার শ্বশুরকে টার্গেট করে লক্ষ্যভ্রষ্ট করার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো একইভাবে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, লালপোল এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তবে অল্পের জন্য তিনি বড় ধরনের শারীরিক বিপর্যয় থেকে রক্ষা পান।
যুবদলের এই জ্যেষ্ঠ নেতাকে বারবার এমন হামলার টার্গেট করার ঘটনায় স্থানীয় রাজনীতি ও বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা খতিয়ে দেখে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে




