
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা অংশ নেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম মান্নান।
সভায় তিনি বিদ্যালয়ের মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিনি জানান, বিদ্যালয়ের ৩০ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। তার এ ঘোষণায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম মান্নান বলেন, মনোহরপুর উচ্চ বিদ্যালয়কে একটি কলেজে রূপান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি কোনো আর্থিক সুবিধা গ্রহণ করতে আসেননি। বরং প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজন হলে নিজের অর্থ ব্যয় করে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুবেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএইচজে




