
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৯ দিনে মাদকবিরোধী অভিযানে ৮৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মিরসরাই ও জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এসব মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
মোবাইল কোর্টের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ দিনের অভিযানে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ৮৩টি মামলা রুজু করা হয়। মামলাগুলোতে জড়িত ৮৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। মাদক বিক্রি, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম


