ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

‘পড়ালেখার চাপে’ স্কুল পালিয়ে ঢাকায় বরিশালের ৩ কিশোরী, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার শ্যামপুর কদমতলী থানার ঢাকার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে বাকেরগঞ্জ থানায় এই সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে কিশোরীদের পরিবার। এরপর ঘটনা তদন্ত ও কিশোরীদের উদ্ধারে তাৎক্ষণিক মাঠে নামে পুলিশ।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর উপজেলার ওই তিন ছাত্রী স্কুলে আসার কথা বলে আর বাড়িতে ফিরে যায়নি। অনেক অনুসন্ধান করার পরে তাদের নিখোঁজদের পরিবার বাকেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ঢাকায় তিনজনের অবস্থান শনাক্ত করে পুলিশ।

সর্বশেষ বৃহস্পতিবার কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কিশোরীদের বরাতে পুলিশ জানায়, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ওই তিন কিশোরী ঢাকায় পালিয়ে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকায় তারা চাকরি খুঁজছিলেন।

বাকেরগঞ্জ থানা ওসি আদিল হোসেন বলেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নিখোঁজ ছাত্রীদের উদ্ধার করে ঢাকা থেকে বাকেরগঞ্জে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপি জেলা আহ্বায়ক কমিটির দপ্তর এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।  তবে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দলে নেতিবাচক প্রভাব পড়ায় মো. নাজমুল ঠাকুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে আলোচনা-সমালোচনা চলছে। বহিষ্কারের আদেশের পত্রে বলা হয়েছে, ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাজমুল ঠাকুর গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী মো. নাজমুল ঠাকুরকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পত্রে উল্লেখ করা হয়। এদিকে মো. নাজমুল ঠাকুর তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি ফেক বলে দাবি করেছেন। আরটিভি/এসআর
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার
সাতক্ষীরায় ৮০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। জানা গেছে, উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র রয়েছে। বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট হাইস্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আরও উৎসাহিত হয় এবং নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সে জন্য আমরা তাদের পাশে আছি। পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
সাতক্ষীরায় ৮০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ
সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধে পরিবর্তন আসছে। জানা গেছে, দ্বীপে রাত্রিযাপনের সময়কাল বাড়াতে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট মার্টিন দ্বীপের সুরক্ষা নিশ্চিত এবং সেখানকার জীবন-জীবিকার বিষয়গুলোও নিশ্চিত করে তারা নতুন গাইডলাইন তৈরি করছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে পরিবর্তিত গাইডলাইন প্রকাশ করা হতে পারে। এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের অক্টোবরে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণে ১২টি নির্দেশনা জারি করেছিল । সেই নির্দেশনা অনুযায়ী, সেখানে ডিসেম্বর ও জানুয়ারি দু মাস নির্দিষ্ট সংখ্যক পর্যটকের রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছিল। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ঘোরার অনুমতি ছিল, রাতে থাকা যেত না। তবে সেই নির্দেশনায় পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান সরকার। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, যে মানুষটা ছয় বা সাত ঘণ্টা জার্নি করে যাচ্ছে, দুই ঘণ্টা থেকে আবার ছয় সাত ঘণ্টা জার্নি করে কক্সবাজার ফিরছে, এটা একেবারেই আনহেলদি প্র্যাকটিস। এ বিষয়ে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে আলোচনা করে সেখানে রাত্রিযাপনের সুযোগ বৃদ্ধির বিষয়ে তারা একমত হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, ‘এটি নিয়ে সক্রিয় আলোচনা করা হচ্ছে, আগের নেওয়া এই সিদ্ধান্ত পরিবর্তনে আলোচনা হচ্ছে।’ তবে বর্তমান সরকার পর্যটকের সংখ্যা কিংবা ভ্রমণের সময়সীমা আরো বাড়াবে কি না সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে শুনানি বা বৈঠক হবে, সেই বৈঠকে তাদের বক্তব্যসহ সব পক্ষের বক্তব্যের ভিত্তিতে আগামী ১৫ অক্টোবরের মধ্যে একটা গাইডলাইন দেওয়া হবে। উল্লেখ্য, সেন্ট মার্টিন ভ্রমণে দেওয়া শর্তগুলোর মধ্যে ছিল, সেখানে কোনো আলোকসজ্জাসহ বারবিকিউ পার্টি না করা, রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টিও নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়াও বিধি-নিষেধের মধ্যে আরও ছিল, দ্বীপটির কেয়াবনে প্রবেশে নিষেধাজ্ঞা, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীব-বৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। একই সঙ্গে সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল না করা। এসব বিধি-নিষিধে কোনো পরিবর্তন আসছে কি না-জানতে চাইলে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সবার আগে এই দ্বীপটিকে সুরক্ষা করতে হবে। এখানকার জীববৈচিত্র্য যাতে সুরক্ষিত হয় সে জন্য আমরা এটা নিয়ে কাজ করছি।’ সূত্র : বিবিসি বাংলা আরটিভি/এসআর
সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংহলাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—সিংহলাল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও সানজাদুল ইসলাম (১ বছর ৬ মাস)। ঘটনার বিষয়ে আব্দুল গফুর সরদার (৫২) নামে এক স্বজনের করা লিখিত অপমৃত্যু-সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, সকালে তার ভাতিজা ইকবাল হোসেনের স্ত্রী রেখা খাতুন (২৭) ফোনে কথা বলার একপর্যায়ে তার ভাই আব্দুল বারিক সরদারের বাড়িতে আসেন। এ সময় তিনি তার দুই সন্তান কোথায় আছে জানতে চাইলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করা হয়। চারদিকে খোঁজার একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে ওপরে তোলা হলে স্বজনরা দেখতে পান, তারা মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের রান্নাঘরে লাকড়ির স্তূপের নিচ থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মানিক মিয়ার রান্নাঘরে তার স্ত্রী রান্না করছিলেন। এ সময় হঠাৎ লাকড়ির ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে সাপটি দেখতে পান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সাপটিকে মেরে ফেলার চেষ্টা করলেও স্থানীয় বাবু নামের এক ব্যক্তি তাদের বাধা দেন এবং সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। এদিকে মানুষের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ৪০ মিনিট ধরে সতর্কতার সঙ্গে লাকড়িগুলো একে একে সরিয়ে সাপটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর কোনো ধরনের আঘাত না করে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার করা দাঁড়াশ সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে। আরটিভি/টিআর
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
আরও পড়ুন
ববির মেডিকেল সেন্টারের সময় কমানোয় চিকিৎসককে শোকজ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ
র‍্যাগিংয়ের দায়ে ববির ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা