
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) সঙ্গে কৃষক আবুল কাশেমের জমির করলা গাছ তোলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে রনির লোকজন পেছন থেকে ধারালো চাকু দিয়ে আবুল কাশেমের কোমরের ওপরে সজোরে আঘাত করে।
এ সময় তার ওপর হামলা ঠেকাতে এগিয়ে এলে আবুল কাশেমের ছেলে মো. সাইদ (২২) এবং তার দুই ভাই মুক্তার আলী (৫০) ও বদর উদ্দিন (৫৫) গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেম মারা যান। অপর আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএম


