
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। অপর নিহত হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সকালে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে গিয়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। পরে দুই শিশুকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
আরটিভি/এমএইচজে



