
দিনাজপুরের হিলিতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রুহুল আমিন ও শুকুর আলি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে হিলির পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন ও শুকুর আলী হিলির পালপাড়া এলাকার বাসিন্দা
ওসি বাদশা আলম জানান, ভুক্তভোগী নারীর কাছ থেকে রুহুল আমিন ৭ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে ধারের টাকা ফেরত চাইলে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে টাকা ফেরত দেওয়ার কথা বলে রুহুল আমিন ভুক্তভোগীকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে গোপনে সেই চিত্র ধারণ করে রাখেন। পরবর্তীতে চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে অচেতন করে বাড়ির পাশে নিয়ে শুকুর, ফেরদৌস, মোস্তাকিম নামে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তিনি বাধা দেন। তবে আসামিরা ভিডিও ছাড়িয়ে দেওয়ার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করেন। এভাবে তিনদিন ধরে বাড়িতে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
পরে শনিবার রাতে আবারও তাকে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় খবর পেয়ে পরিবারসহ স্থানীয়রা আসামির বাড়িতে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করেন। তবে বাকি দুজন কৌশলে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা আসামিদের মারধর করতে লাগলে ৯৯৯ এ সংবাদ পেয়ে থানা পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
রোববার দুপুরে তাদেরকে আদালতে ও ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে




