ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
আশ্রাফুল ইসলাম শ্রাবন ও আকবর হোসেন ফাহিম : ছবি আরটিভি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ’র আদালতে গ্রেপ্তার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেপ্তার দুই কিশোর হলো আশ্রাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা।

পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ১১ জুন রাত ১১টা থেকে ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটের মধ্যে সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদরাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। পূর্বশক্রতার জেরে মাদকসেবীর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাকে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত কিশোরেরা ও তাদের সহযোগীরা। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় তারা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। মামলায় সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬)সহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়। উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

পিবিআই জানায়, এক মাসের বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নথিপত্র বিশ্লেষণ ও নিবিড় তদন্তের পাশাপাশি কয়েক দফা অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় রোববার ভোর পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে এজাহারবহির্ভূত ও তদন্তে উঠে আসা দুই কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের তদন্তে আরও জানা গেছে, ওই দুই কিশোর নিজ এলাকা ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। দলটি এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি এবং মব সৃষ্টির মাধ্যমে জনশান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের ও সহযোগীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফয়েজকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
আধুনিক গবেষণাগার কিংবা উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধা ছাড়াই সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং ধানের নতুন জাত উদ্ভাবনে এক অনন্য নজির স্থাপন করেছেন। 
জরাজীর্ণ ঘরেই ধান নিয়ে গবেষণা, ২১ বছরে ২৫ জাত উদ্ভাবন সেন্টু হাজংয়ের
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
যশোরের মণিরামপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।
মোটরসাইকেলের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল মা ও শিশুর
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবা আব্দুস সামাদকে মাথায় ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে ছেলে আনোয়ার হোসেন। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। 
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসাসামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।
৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাকড, ঘটনা কী
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
আরও পড়ুন
অনলাইনে নির্যাতনে কিশোরীর মৃত্যু, জার্মানিতে গ্রেপ্তার তরুণ
সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
এলজিআরডিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত