ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: আরটিভি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।

মাটির অবয়বে ধীরে ধীরে দেবীর রূপ ফুটে ওঠায় ফরিদপুরের সদরপুরের বিভিন্ন এলাকায় বইতে শুরু করেছে দুর্গোৎসবের আগমনী বাতাস। সদরপুর পূজা উদযাপন কমিটির তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় প্রায় ৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে।

কোথাও বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করা হয়েছে, কোথাও চলছে মাটির প্রলেপ দেওয়ার কাজ। আবার কোনো কোনো মণ্ডপে প্রতিমায় রং করা, পোশাক-অলংকার পরানোসহ সাজসজ্জার প্রস্তুতিও শুরু হয়েছে। পাশাপাশি মণ্ডপ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে সমানতালে।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। হাতে থাকা সময়ের মধ্যে প্রতিমা নির্মাণ ও মণ্ডপের অন্যান্য প্রস্তুতি শেষ করতে দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পী ও কারিগররা।

সরেজমিনে সদরপুর উপজেলার কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরিতে ব্যস্ত কয়েকজন মৃৎশিল্পী। বাঁশ ও খড়ের কাঠামোর ওপর ধাপে ধাপে মাটি দিয়ে দেবীর অবয়ব গড়ে তোলা হচ্ছে। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঁচা মাটির সেই অবয়ব ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রতিমার রূপ নিচ্ছে। কেউ কাঠামো তৈরিতে ব্যস্ত, কেউ মাটি লাগাচ্ছেন, আবার কেউ প্রতিমার বিভিন্ন অংশে সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তুলছেন।

মৃৎশিল্পী সুজন পাল বলেন, প্রতিমা তৈরির কাজ কয়েকটি ধাপে সম্পন্ন করতে হয়। একটি পূর্ণাঙ্গ প্রতিমা তৈরি করতে চার-পাঁচজন মৃৎশিল্পীর প্রায় সাত থেকে আট দিন সময় লাগে। প্রথমে বাঁশ ও খড় দিয়ে কাঠামো তৈরি করা হয়। এরপর কয়েক স্তরে মাটি দিয়ে প্রতিমার অবয়ব গড়ে তোলা হয়। মাটি শুকিয়ে গেলে শুরু হয় সূক্ষ্ম কারুকাজ। সবশেষে রং, পোশাক, অলংকারসহ বিভিন্ন সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা প্রস্তুত করতে এবার তাদের ব্যস্ততার মধ্যেই কাজ করতে হচ্ছে। প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রতিটি ধাপেই বিশেষ যত্ন ও নিপুণতার প্রয়োজন হয়।

উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে আরো দেখা গেছে, প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। কোথাও বাঁশের কাঠামো তৈরি হচ্ছে, কোথাও চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। আবার কোথাও আলোকসজ্জার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সদরপুর পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় ভৌমিক বলেন, পূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি ও সাজসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ ভৌমিক বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।

মৃৎশিল্পীদের নিপুণ হাতে মাটি যখন দেবীর রূপ নিচ্ছে, তখন সদরপুরের আকাশ-বাতাসে যেন বেজে উঠছে শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর। প্রতিমা ও মণ্ডপের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগরদের কর্মচাঞ্চল্য জানান দিচ্ছে—আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপর ধর্মীয় আচার-অনুষ্ঠান, উৎসব ও সম্প্রীতির আবহে মুখর হয়ে উঠবে সদরপুরের ৩৮টি পূজামণ্ডপ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
পটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের পরিযায়ী পাখি ভেরডিটার ফ্লাইক্যাচারের। স্থানীয়ভাবে পাখিটি নীল কটকটিয়া বা অম্বর চুটকি নামেও পরিচিত।
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া।
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
আরও পড়ুন
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
আশ্রয়ণ প্রকল্পে ৫২ ঘরের ৩৭টিই পরিত্যক্ত
সড়কে অটোরিকশা পার্কিং-ফুটপাতে হকার, যানজটে অতিষ্ঠ মানুষ
বৃষ্টি হলেই তলিয়ে যায় স্কুলের মাঠ, কমেছে শিক্ষার্থী