
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার অপেক্ষা করা অবস্থায় মসজিদেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
শাহজাহান মিস্ত্রি একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে।
বিকেলে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশে মসজিদের সামনে যান মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রী। সেখানে তিনি হুজুরাখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে মসজিদে প্রবেশ করে নির্দিষ্ট সময়ে আজান দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান শাহাজাহান। তার পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে মসজিদে প্রবেশ করেন ইমাম নুরুল ইসলাম। তিনি মসজিদের মুসল্লিদের খবর দেন। তারা মসজিদে প্রবেশ করেই মুয়াজ্জিনকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় আবদুল ওয়াদুদ ফজরের নামাজের আজান দেন।
পরে নামাজ শেষে মুসল্লিরা মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজার নামাজ শেষে একইদিন দুপুরে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
ইমাম নুরুল ইসলাম বলেন, মুয়াজ্জিন প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে আজান দেওয়ার উদ্দেশ্যেই মসজিদে আসেন। আমাকে সজাগ করার পর আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে অপেক্ষা করছিলেন। হঠাৎ তার মাথা ঘুরে পড়ে যাওয়ার আওয়াজ শুনে মসজিদে গিয়ে দেখি- তিনি মারা গেছেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, ইমামের মাধ্যমে জানতে পেরে মুয়াজ্জিন শাহাজাহান মিস্ত্রীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছি।
শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, বিষয়টি লোক মারফত জানতে পেরেছি।
আরটিভি/এমএইচজে


