
রংপুর মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (আরপিসিসি) প্রশাসক।
বুধবার (৭ অক্টোবর) একনেক সভায় রংপুর সিটি এলাকার অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকল্প দুটি অনুমোদনের পর মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় আরপিসিসি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ- রংপুরের উন্নয়নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক।’
আরপিসিসি প্রশাসক বলেন, ‘এ দুটি প্রকল্প রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর বাস্তবায়ন রংপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরের পথ সুগম করবে।’
রংপুরের মানুষের উন্নয়ন ও এই অঞ্চলের অগ্রগতির জন্য বড় প্রকল্প অনুমোদন দেয়ায় তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার যৌথ প্রচেষ্টায় প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে রংপুর মহানগরীর উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
রংপুরকে দেশের অন্যতম সেরা মহানগরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রশাসক আরও বলেন, বরাদ্দকৃত অর্থের ব্যবহারে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এসব উন্নয়ন কর্মকাণ্ডে তিনি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এদিকে রংপুর মহানগরীর জন্য ইতিহাসে প্রথমবারের মতো এত বিশাল অঙ্কের আর্থিক বরাদ্দ আসায় আনন্দ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রিকশাচালক মমতাজ হোসেন বলেন, ‘আগের কোনো সরকার রংপুর শহরের উন্নয়নকে এভাবে অগ্রাধিকার দেয়নি। অবশেষে সড়ক মেরামতসহ সার্বিক উন্নয়নের এই উদ্যোগ নেওয়ায় বর্তমান সরকারের ওপর আমি খুশি।’
কলেজছাত্র মুহাইমেনুল ইসলাম বলেন, ‘১,৮১৩ কোটি ২৮ লাখ টাকার দুটি প্রকল্প বরাদ্দের মাধ্যমে রংপুরের প্রতি সরকারের দৃঢ় উন্নয়ন প্রতিশ্রুতি ও আন্তরিকতার প্রমাণ মিলেছে।’ সূত্র: বাসস
আরটিভি/আইএম


