ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত

সিলেট থেকে ট্রেনে ভ্রমণের সময় টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) থেকে টিকিটের নামের সঙ্গে এনআইডির মিল না থাকলে কোনো যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

টিকিট কালোবাজারি ও জালিয়াতি রোধে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট রেলওয়ে স্টেশনে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। অভিযানে অনলাইনে কাটা টিকিটের নামের সঙ্গে একাধিক যাত্রীর মূল পরিচয়ের কোনো মিল না পাওয়ার পরই এই কঠোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।

অভিযান শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ১২ অক্টোবর থেকে টিকিটের নাম ও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে যাত্রীকে যেতে দেওয়া হবে না। কেউ যদি সিলেট থেকে ঢাকা বা অন্য কোথাও যেতে চান তাহলে অবশ্যই তার টিকিটের সঙ্গে এনআইডি কার্ডের নাম মিলতে হবে। আজকে আমরা দেখেছি কিছু কিছু যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডির নাম মিলছে না। আমরা তিন-চারদিন সময় দিচ্ছি। ১২ তারিখ থেকে কঠোর অপারেশন শুরু হবে। আমি চেক করব। রেল স্টেশনে রেগুলার ম্যাজিস্ট্রেট থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের ভ্রমণ নির্বিঘ্ন ও কালোবাজারিমুক্ত করতে এই তদারকি নিয়মিত চলবে। এর আগে গত বছরের অক্টোবরেও তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে নিজ নামে টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কিছুদিন পর প্রশাসনের সেই নজরদারি থেমে গেলে আবারও টিকিট নিয়ে সক্রিয় হয়ে ওঠে কালোবাজারি চক্র। সিলেট রেল স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। তবে ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। এতে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট ছাড়ার তিন-চার মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। যার বড় অংশই কালোবাজারিরা কিনে নেয় বলে অভিযোগ রয়েছে।

ট্রেনের টিকিট নিয়ে নানা অভিযোগ ও যাত্রীদের ভোগান্তির মধ্যে সম্প্রতি এ ব্যাপারে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান।

সিলেটে ট্রেনের টিকিট সংকটের পেছনে কালোবাজারি ও মজুদদারির সুনির্দিষ্ট আলামত পেয়ে মামলা দায়েরের পর সেটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-কে। এই মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে রেলস্টেশনে অভিযানে যান জেলা প্রশাসক।

এর আগে, গত বুধবার (৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেটের মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছেছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক আবদুল আহাদ। তিনি জানিয়েছেন, আদালত স্বপ্রণোদিত হয়ে দায়ের করা মামলাটি তিনি তদন্ত করছেন।

জানা গেছে, সিলেট থেকে ঢাকায় উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত এবং চট্টগ্রামগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এসব রুটের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। যেটি নজরে আসে আদালতের।

পরবর্তীতে আদালত পর্যবেক্ষণ করে অনলাইনে কয়েক মিনিটের মধ্যে ট্রেনের সব টিকিট বিক্রির বিষয়টি সন্দেহজনক মনে করে। এরই প্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষদিকে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। তিনি এজাহারে কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন।

মামলার সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের অসন্তোষ প্রকাশ পেয়ে আসছে। অভিযোগ রয়েছে, অনলাইনে টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট সময় টিকিট উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা টিকিট না পেলেও পরে অধিক মূল্যে বিভিন্ন মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ ওঠে।

বিষয়টি নজরে আসার পর ট্রেনের টিকিট বিক্রির সরকারি ওয়েবসাইট পরিদর্শন করেন আদালত। সেখানে নির্দিষ্ট দিনের টিকিট বিক্রির জন্য উন্মুক্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। বিপুলসংখ্যক টিকিট এত অল্প সময়ে বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ তৈরি হয় আদালতের।

মামলার নথিতে বলা হয়েছে, একটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারও কারও সহযোগিতায় মুহূর্তের মধ্যে ট্রেনের টিকিট সরিয়ে নিয়ে পরে তা অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করে থাকতে পারে। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ যাত্রীদের হয়রানির পাশাপাশি সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, রেলের টিকিট অনলাইনে ক্রয় করতে হয়। কেউ কেউ সরাসরি কাউন্টার থেকেও ক্রয় করেন। টিকিট বিক্রিতে আমাদের কোনো হাত নেই।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
​নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 
নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আরটিভি/টিআর
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
‘স্বভাব যায় না মলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। 
‘স্বভাব যায় না মলে’, প্রবাদের সত্যতা মিলল পাইকগাছায়!
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। অভিযোগ উঠেছে, দুর্যোগের এ সুযোগে দ্বীপের কিছু ব্যবসায়ী হোটেল ভাড়া ও খাবারের দাম কয়েকগুণ বাড়িয়ে দেন। ‘২০ টাকার ডিম ৫০ টাকায়’ কিনতে হয়েছে তাদের।
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ২০ টাকার ডিম কিনতে হয়েছে ৫০ টাকায়
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা
আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা
এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি